প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
অর্থচিত্র
অর্থচিত্র ৫৫/১,উত্তর কমলাপুর, মতিঝিল, ঢাকা-১২১৭
01811994057 | orthochitro@gmail.com
জাতীয়

ডায়াবেটিসে আক্রান্ত প্রায় দেড় কোটি, চিকিৎসার বাইরে অর্ধেকের বেশি

প্রতিবেদক: অর্থচিত্র প্রকাশ: Nov 13, 2026 প্রিন্ট: 14 Nov 2026, 06:30 AM
ডায়াবেটিসে আক্রান্ত প্রায় দেড় কোটি, চিকিৎসার বাইরে অর্ধেকের বেশি

নীরব ঘাতক হিসেবে পরিচিত ডায়াবেটিসের প্রকোপ দেশে ধীরে ধীরে বাড়ছে। আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দেড় কোটিতে দাঁড়িয়েছে। তাদের প্রায় অর্ধেকই নারী। আরও উদ্বেগের বিষয়, রোগীদের প্রতি দুজনের মধ্যে একজনই জানেন না যে তারা এ রোগে আক্রান্ত। ফলে রোগ শনাক্তকরণ ও চিকিৎসার বাইরে থেকে যাওয়ায় জটিলতার ঝুঁকি ক্রমেই বাড়ছে।

এমন এক পরিস্থিতিতে ১৪ নভেম্বর (শনিবার) পালিত হতে যাচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটির প্রাক্কালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এ রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো, দ্রুত রোগ শনাক্ত করা এবং চিকিৎসাসেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেছে।

দেশে ও বিশ্বে আক্রান্তের সংখ্যা

সমিতির তথ্য অনুযায়ী, দেশে ডায়াবেটিসে আক্রান্ত এক কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে ৬৯ লাখের বেশি রোগীকে সমিতির সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। অর্থাৎ ৫০ শতাংশ রোগী তাদের সেবার সঙ্গে যুক্ত হয়েছেন। তবে বিপুলসংখ্যক মানুষ এখনো শনাক্তকরণ ও চিকিৎসার বাইরে রয়েছেন।

বিশ্বব্যাপী ডায়াবেটিসের প্রকোপও বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ডায়াবেটিস অ্যাটলাস-২০২৫-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় ৫৯ কোটি মানুষ এ রোগে আক্রান্ত। প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না হলে ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা প্রায় ৮৫ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার বিবেচনায় বাংলাদেশের অবস্থান সপ্তম।

৭০% ক্ষেত্রে প্রতিরোধের সুযোগ আছে

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিসের প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে প্রতিরোধের সুযোগ রয়েছে। তার মতে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, নিয়মিত ব্যায়াম না করা এবং অতিরিক্ত ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। অথচ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

গর্ভকালীন ডায়াবেটিস বিশেষ উদ্বেগের বিষয় বলেও জানান তিনি। তার তথ্য অনুযায়ী, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রতি ১০০ নারীর মধ্যে ২৫ জন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন। তাদের প্রায় ৬৫ শতাংশ পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মা ও অনাগত সন্তানের স্বাস্থ্যঝুঁকিও বাড়ে।

অধ্যাপক এ কে আজাদ খান আরও জানান, এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ‘গর্ভধারণ-পূর্ব সেবা’ নামে বিশেষ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় ৪০০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশজুড়ে স্থাপন করা হয়েছে ৫৪টি গর্ভধারণ-পূর্ব সেবা কেন্দ্র। এসব কেন্দ্র থেকে নারীরা স্বল্পমূল্যে গর্ভধারণসংক্রান্ত প্রয়োজনীয় সেবা নিতে পারছেন। বর্তমানে প্রশিক্ষিত ৪০০ স্বাস্থ্যকর্মী ও ৩০০ চিকিৎসক এ কর্মসূচিতে যুক্ত রয়েছেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ অর্থচিত্র